
এলাকার উন্নয়নে সবাইকে সাথে নিয়ে কাজ করতে চাই,ধাপেরহাটে -সংসদ সদস্য মমতাজ আলো।
জাতীয়তাবাদী মহিলা দলের কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ও গাইবান্ধার দায়িত্বপ্রাপ্ত সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য মমতাজ আলো বলেছেন, “আমি এমপি হিসেবে নয়, আপনাদের বোন হিসেবে আপনাদের কাছে এসেছি। এলাকার উন্নয়নে সবাইকে সাথে নিয়ে হাতে-হাত রেখে, কাঁধে-কাঁধ মিলিয়ে কাজ করতে চাই। এ জন্য সবার সহযোগিতা কামনা করছি।”
সোমবার (২৭ জুলাই) গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার ধাপেরহাটে এক পথসভায় স্থানীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের উদ্দেশে তিনি এসব কথা বলেন।
মমতাজ আলো বলেন, এলাকার মানুষের সুখ-দুঃখের অংশীদার হয়ে তিনি কাজ করতে চান। ধাপেরহাটসহ গাইবান্ধার মানুষের উন্নয়ন ও কল্যাণে দল-মত নির্বিশেষে সবার সহযোগিতা নিয়ে এগিয়ে যেতে চান তিনি।
এদিকে, সংসদ সদস্য মমতাজ আলোর ধাপেরহাট আগমনকে কেন্দ্র করে বিএনপির নেতাকর্মী ও সাধারণ মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়। তাকে স্বাগত জানাতে স্থানীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের ঢল নামে।
মমতাজ আলো ধাপেরহাটে পৌঁছালে উপস্থিত নেতাকর্মী ও সমর্থকদের মধ্যে উচ্ছ্বাস ছড়িয়ে পড়ে। এ সময় ধাপেরহাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি শহিদুল ইসলাম শিপন তাকে ফুল দিয়ে শুভেচ্ছা ও বরণ করে নেন।
এ সময় তার সফরসঙ্গী হিসেবে উপস্থিত ছিলেন পলাশবাড়ী পৌর বিএনপির সভাপতি ও গাইবান্ধা জেলা বিএনপির যুগ্ম সম্পাদক আবুল কালাম আজাদসহ স্থানীয় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
পথসভায় স্থানীয় নেতাকর্মীরা সংসদ সদস্য মমতাজ আলোকে স্বাগত জানিয়ে এলাকার বিভিন্ন সমস্যা ও উন্নয়ন কর্মকাণ্ডের বিষয়ে তাদের প্রত্যাশার কথা তুলে ধরেন। তিনি সবার কথা মনোযোগ দিয়ে শোনেন এবং এলাকার উন্নয়নে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
© All rights reserved © 2025
Leave a Reply