
ময়মনসিংহে ১২ লাখ টাকার ভারতীয় জিরাসহ বিএনপি নেতা বডি মাসুদ গ্রেফতার
ব্যুরো চীফ ময়মনসিংহ।।
ময়মনসিংহ মহানগরের ৩৩নং ওয়ার্ড বিএনপির যুগ্ম আহ্বায়ক বডি মাসুদকে ১২ লাখ টাকা মূল্যের ভারতীয় চোরাচালানের জিরাসহ গ্রেফতার করেছে কোতোয়ালী মডেল থানা পুলিশ।
সোমবার (২০ এপ্রিল) দিবাগত রাত ১টার দিকে সদর উপজেলার রঘুরামপুর টানপাড়া এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। পুলিশ জানায়, জেলা পুলিশ সুপার কামরুল হাসানের নির্দেশনায় কোতোয়ালী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মাদ শিবিরুল ইসলামের নেতৃত্বে এসআই মহসিন আলম, এসআই রিপন, এসআই কামরুজ্জামান ও এসআই হাফিজসহ একটি দল এই অভিযান পরিচালনা করে।
অভিযানকালে মাসুদের বসতবাড়ির টিনশেড গোডাউন থেকে প্রায় ৩০ কেজি ওজনের বস্তায় মোট ১২০০ কেজি ভারতীয় জিরা উদ্ধার করা হয়, যার আনুমানিক বাজারমূল্য প্রায় ১২ লাখ টাকা।
কোতোয়ালী মডেল থানা পুলিশ গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে জানিয়েছে, চোরাচালানের সঙ্গে জড়িত থাকার অভিযোগে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এ ধরনের অবৈধ কর্মকাণ্ডের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত থাকবে বলেও জানানো হয়।
© All rights reserved © 2025
Leave a Reply