কিশোরগঞ্জে জেলা বিএনপির আয়োজনে বিশাল জনসভা অনুষ্ঠিত
খায়ের আহম্মদ খন্দকার লিমন
বিশেষ প্রতিনিধি, কিশোরগঞ্জ
দেশে নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্য বৃদ্ধি সহনীয় পর্যায়ে রাখা, অবনতিশীল আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি,
দ্রুত গণতান্ত্রিক যাত্রাপথে উত্তরণের জন্য নির্বাচনী রোডম্যাপ ঘোষণা এবং রাষ্ট্রে পতিত ফ্যাসিবাদের নানা চক্রান্তের অপচেষ্টা মোকাবেলাসহ বিভিন্ন দাবিতে কিশোরগঞ্জ পুরাতন স্টেডিয়ামে জনসভা অনুষ্ঠিত হয়।
কিশোরগঞ্জ জেলা বিএনপির আয়োজনে অনুষ্ঠিত জনসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা এডভোকেট ফজলুর রহমান।
উক্ত জনসভায় প্রধান উপদেষ্টাকে উদ্দেশ্য করে বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা এডভোকেট ফজলুর রহমান বলেন, দেশটা কুয়াশা হয়ে গেছে, আপনার কাছ থেকে বাংলাদেশের মানুষ এটা আশা করে না। আপনি বাংলার সু-সন্তান। আমি মনে করি দশটা মন্ত্রীকে যোগ করলে আপনি তার চেয়েও লম্বা।
বুধবার (১৯ ফেব্রুয়ারি) বিকেল ৩টায় কিশোরগঞ্জ শহরের পুরাতন স্টেডিয়ামে জেলা বিএনপি আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি আরও বলেন, আমরা স্লোগান দিয়েছিলাম “এক দফা এক দাবি, হাসিনা তুই কবে যাবি। আমরাতো কেন্দ্রীয় সরকারের পতন চেয়েছিলাম, কেন্দ্রীয় সরকারের পতন চেয়েছিলাম বলেই তো এখন কেন্দ্রীয় সরকারের নির্বাচন হবে। আমরা হাসিনাকে তাড়াইছি, এখন প্রথমে পার্লামেন্ট সরকার হবে। তারপর স্থানীয় নির্বাচন হবে। অবিলম্বে নির্বাচনের ব্যবস্থা করুন, জনগন তার বাড়ির পাহারাদার নিয়োগ দিবে।
এডভোকেট ফজলুর রহমান বলেছেন, জাতীয় নির্বাচনের দাবীতে বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের নেতৃত্বে আন্দোলন চলছে এবং আন্দোলন অব্যাহত থাকবে। বিএনপি কিছুতেই জাতীয় নির্বাচনকে বিলম্বিত হতে দিবে না।
এডভোকেট ফজলুর রহমান আরও বলেন, দেশকে যারা নতুন করে পাকিস্তানের পথে নিয়ে যেতে চায় তাদের চরিত্রের কোন পরিবর্তন হয়নি। আমরা মুক্তিযুদ্ধের বাংলাদেশ চাই। আমরা কৃষক-শ্রমিকের বাংলাদেশ চাই। এ দেশকে পাকিস্তান বানাতে দেয়া হবেনা। বিএনপির বিরুদ্ধে যে কোনো চক্রান্তের বিরুদ্ধে সবাইকে সোচ্চার হতে হবে। তাদেরকে প্রতিহত করতে হবে। ভোটের মাধ্যমে মুক্তিযুদ্ধের সরকার প্রতিষ্ঠা করা হবে। মুক্তিযুদ্ধকে যারা বিশ্বাস করে না তাদের সাথে বিএনপির কোন আপস নেই। চক্রান্ত করে নির্বাচন প্রতিহত করার চেষ্টা করলে বিএনপি কাউকে ছাড় দিবে না। কোন অবস্থাতেই জাতীয় নির্বাচন বিলম্বিত করতে দেয়া হবে না।
সমাবেশে অংশ নিতে সকাল থেকেই জেলার ১৩ উপজেলার বিএনপি ও এর সংযোগী সংগঠনের নেতা-কর্মীরা জেলা শহরের বিভিন্ন পয়েন্টে জমায়েত হতে থাকেন। দুপুর থেকে মিছিল নিয়ে সংগঠনের নেতা-কর্মীরা সমাবেশস্থলে আসতে থাকেন। বিপুল সংখ্যক নেতা-কর্মীসহ সাধারণ মানুষ সমাবেশে উপস্থিত ছিলেন।
কিশোরগঞ্জ জেলা বিএনপির সভাপতি মোঃ শরিফুল আলমের সভাপতিত্বে ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক মো.মাজহারুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠিত জনসভায় দলের জাতীয় নির্বাহী কমিটির সহ সাংগঠনিক সম্পাদক এডভোকেট শাহ মুহাম্মদ ওয়ারেছ আলী মামুন, সহ সাংগঠনিক সম্পাদক আবু ওয়াহাব আকন্দ, সদস্য লাইলা বেগম এবং জাতীয় নির্বাহী কমিটির সদস্য শেখ মুজিবুর রহমান ইকবালসহ কিশোরগঞ্জ জেলা বিএনপি উপজেলা বিএনপি ও তার অঙ্গ-সংগঠনের নেতাকর্মীরা এ সময় উপস্থিত ছিলেন।
দুপুর থেকে বিভিন্ন এলাকা থেকে ব্যানার-ফেষ্টুনসহ বাদ্যযন্ত্র বাজিয়ে দলের তৃণমূল পর্যায়ের নেতাকর্মীরা জনসভাস্থলে আসতে থাকে। জনসভা শেষ না হওয়া পর্যন্ত স্টেডিয়াম কানায় কানায় পূর্ণ ছিল।
© All rights reserved © 2025
Leave a Reply