
ময়মনসিংহ কেওয়াটখালীতে ফের সক্রিয় ‘মাদক সিন্ডিকেট’, ইয়াবা ব্যবসা নিয়ে আতঙ্কে এলাকাবাসী
ব্যুরো চীফ, ময়মনসিংহ।।
ময়মনসিংহ নগরীর কেওয়াটখালী এলাকায় আবারও সংঘবদ্ধভাবে ইয়াবা ব্যবসা চালু হয়েছে বলে অভিযোগ উঠেছে। স্থানীয়দের দাবি, দীর্ঘদিন ধরে এলাকায় একটি প্রভাবশালী চক্র প্রকাশ্যে মাদক বাণিজ্য পরিচালনা করছে, ফলে পুরো এলাকা মাদক ঝুঁকিতে পড়েছে।
অভিযোগ সূত্রে জানা যায়, গত ১২ জুলাই ২০২৫ ইং কোতোয়ালী মডেল থানার তৎকালীন অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ শিবিরুল ইসলামের নেতৃত্বে পরিচালিত মাদকবিরোধী অভিযানে কথিত ‘মাদক রানী’ হামে ও তার সহযোগী সীমা গ্রেফতার হয়ে কারাগারে যান। পরবর্তীতে তারা উচ্চ আদালত থেকে জামিনে মুক্তি পান।
এলাকাবাসীর অভিযোগ, জামিনে মুক্তির পর কিছুদিন আড়ালে থাকার পর হামে পুনরায় সক্রিয় হয়ে ওঠেন।
বর্তমানে তিনি সীমা, নাজু, বিপাশা, লিপি, ডালিয়া ও খুদু নামের সহযোগীদের নিয়ে সংঘবদ্ধভাবে ইয়াবা ব্যবসা চালাচ্ছেন। এমনকি তারা এলাকায় পাহারাদার নিয়োগ করে এই অবৈধ কার্যক্রম পরিচালনা করছেন বলেও অভিযোগ রয়েছে।
স্থানীয়দের মতে, এই মাদক সিন্ডিকেটের কারণে কেওয়াটখালী এলাকায় কিশোর ও তরুণদের মধ্যে মাদকাসক্তি বাড়ছে। একই সঙ্গে ছিনতাইসহ বিভিন্ন অপরাধও বৃদ্ধি পাচ্ছে, যা জননিরাপত্তার জন্য হুমকি হয়ে দাঁড়িয়েছে।
এ বিষয়ে সচেতন মহল বলছে, দ্রুত আইনশৃঙ্খলা বাহিনীর কার্যকর হস্তক্ষেপ না হলে পরিস্থিতি আরও ভয়াবহ আকার ধারণ করতে পারে।
অন্যদিকে, আরও অভিযোগ রয়েছে—এই চক্রের বিরুদ্ধে কেউ প্রতিবাদ করলে বা মুখ খুললে তাকে মিথ্যা মামলায় জড়ানোসহ বিভিন্নভাবে হুমকি দেওয়া হয়। এমনকি সাংবাদিকদের বিরুদ্ধেও ভয়ভীতি প্রদর্শনের অভিযোগ উঠেছে।
এ বিষয়ে সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা বাহিনীর জরুরি নজরদারি ও কঠোর পদক্ষেপ কামনা করেছেন এলাকাবাসী।
© All rights reserved © 2025
Leave a Reply