
ফুলবাড়িয়ায় ছিনতাইকারীদের হাতে মিশুকচালক খুন — বাবার হত্যার বিচার কি পাবে মেয়ে
ব্যুরো চীফ, ময়মনসিংহ।।
ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলার বালিয়ান ইউনিয়নের বাসনা গ্রামে এক হৃদয়বিদারক হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। জীবিকার তাগিদে মিশুক চালিয়ে পরিবার চালানো মানিক মিয়া নামের এক পরিশ্রমী মানুষ ছিনতাইকারীদের নির্মম হামলার শিকার হয়ে প্রাণ হারিয়েছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল রাত আনুমানিক ৯টার দিকে বিটিবাড়ী বাজারের পূর্ব পাশে মানিক মিয়াকে লক্ষ্য করে একদল ছিনতাইকারী তার মিশুক ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। এসময় তিনি বাধা দিলে সন্ত্রাসীরা ধারালো অস্ত্র দিয়ে তার শরীরের বিভিন্ন স্থানে অন্তত ৯টি আঘাত করে। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে দ্রুত উদ্ধার করে ফুলবাড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
মানিক মিয়ার এমন মর্মান্তিক মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তিকে হারিয়ে তার স্ত্রী-সন্তান, বিশেষ করে ছোট মেয়েটি এখন অসহায় অবস্থায় পড়েছে। এলাকাবাসীর মুখে একটাই প্রশ্ন—“এই মেয়েটি কি তার বাবার হত্যার বিচার পাবে?
স্থানীয়রা ক্ষোভ প্রকাশ করে বলেন, দিন দিন এলাকায় ছিনতাই ও অপরাধের ঘটনা বেড়েই চলেছে। সাধারণ মানুষ রাস্তায় নিরাপত্তাহীনতায় ভুগছে। এমন পরিস্থিতিতে দ্রুত অপরাধীদের আইনের আওতায় আনা না হলে পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে উঠতে পারে।
এ ঘটনায় প্রশাসনের প্রতি এলাকাবাসীর জোর দাবি—দ্রুত তদন্তের মাধ্যমে জড়িতদের শনাক্ত করে গ্রেফতার করতে হবে এবং দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা নিশ্চিত করতে হবে, যাতে ভবিষ্যতে এ ধরনের নৃশংস ঘটনা আর না ঘটে।
এই নির্মম হত্যাকাণ্ড যেন আরেকটি পরিসংখ্যান হয়ে না থাকে—বরং বিচার নিশ্চিতের মাধ্যমে দৃষ্টান্ত স্থাপন হোক, এমনটাই প্রত্যাশা স্বজন ও সচেতন মহলের।
© All rights reserved © 2025
Leave a Reply